ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. ফারুক মিয়া (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ আগস্ট) বিকালে ওই যুবককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। পরে সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের শাহীন উদ্দিনের ছেলে ফারুক মিয়া স্ত্রীকে নিয়ে গৌরীপুরের কলতাপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। ফারুক নিজে মাদকাসক্ত হওয়ায় তাকে বাড়িতে আশ্রয় দিতো না পরিবারের লোকজন। বাড়িতে জমির ভাগ চাওয়া নিয়ে গত সোমবার চাচা সবিকুলের সঙ্গে ঝগড়া হয় ফারুকের। বুধবার জমির বিষয়টি মীমাংসার জন্য ডেকে নেওয়া হয় ফারুককে। কিন্তু বাড়িতে যাওয়ার পরই ফারুকের চাচা সবিকুল, বাবা শাহিন উদ্দিন, আরেক চাচা উবায়দুল ও ভাই জামান মিলে বেঁধে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ফারুক মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল ছিলেন। বাবার তিনটি ঘর বিক্রি করে দিয়েছিল, টাকার জন্য চাপ দিতো। বাড়ির জমির জন্য চাপ দেওয়া পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে তাকে পিটিয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, বাবা, দুই চাচা ও এক ভাই মিলে ফারুককে পিটিয়ে মেরেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।









