জামালপুরে এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৭ মে) দুপুরে মাদারগঞ্জ উপজেলায় তিন, বকশীগঞ্জ উপজেলায় দুই ও দেওয়ানগঞ্জ উপজেলায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
মাদারগঞ্জ উপজেলায় বহিষ্কৃতদের মধ্যে জেনারেল শাখার তিন, মাদ্রাসা বোর্ডের চার ও ভোকেশনাল শাখার এক পরীক্ষার্থী ছিল।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম বলেন, ‘অসদুপায় অবলম্বনের দায়ে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়, সে জন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত আছে।’
এবার জেলায় ৮৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৫ হাজার ৬৫৮ শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শাখায় ৫২ কেন্দ্রে ২৬ হাজার ৫৮৮, ভোকেশনাল শাখায় ২১ কেন্দ্রে চার হাজার ২৩৩ ও মাদ্রাসার অধীনে ১৩ কেন্দ্রে চার হাজার ৮৩৭ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।









