ময়মনসিংহ সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অনিয়ম এবং রোগীদের ভোগান্তি নিয়ে সংবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা ট্রিবিউন প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। এ সময় তার সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা. রোকসানা ইয়াসমিনের নেতৃত্বে সোমবার (৮ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রোগী ও স্বজনদের অভিযোগ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা. রোকসানা ইয়াসমিন নিয়মিত অফিসে আসেন না। অফিস সময়ে নগরীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। এতে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
এসব বিষয়ে জানতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গেলে ডা. রোকসানা ইয়াসমিনের নেতৃত্বে জুয়েলের ওপর হামলা চালানো হয়। তার ক্যামেরা ভাঙচুর করা হয়।
এদিকে, এ ঘটনায় ময়মনসিংহের সাংবাদিক মহল তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে হামলার বিচার দাবি করেছেন।
জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম বলেন, ‘সাংবাদিক অনিয়মের সংবাদ করবেন, এটাই স্বাভাবিক। পেশার কাজে বাধা দেওয়া কিংবা হামলা চালানো উচিত হয়নি। হামলার মধ্য দিয়ে ওই ডা. প্রমাণ করলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনিয়ম আছে। তবে হামলা এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনা দুঃখজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
সংবাদ করতে যাওয়ায় হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে জানালেন জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘হামলা ও ক্যামেরা ভাঙচুর করা উচিত হয়নি ওই চিকিৎসকের। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’









