বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ময়মনসিংহে গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় এবার জেলা মোটর মালিক সমিতির এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার মধ্যরাতে নগরের সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। গ্রেফতারকৃত মাহাবুবুর রহমান (৫৮) ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের সদস্য তিনি।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের কোম্পানি কমান্ডার সামসুজ্জামান বলেন, ৪ অগাস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সে সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর আগে ১৯ জুলাই সন্ধ্যায় নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর (২৪)।তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার এসআই আজগর আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









