ময়মনসিংহে বিএনপিপন্থি ১১ আইনজীবীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুনা নাহিদা আক্তার তাদেরকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।
অব্যাহতি পাওয়া আইনজীবীরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল হক, রেজাউল করিম চৌধুরী, মাহবুবর রশীদ তামান্না, আবুল কালাম আজাদ, শামসুন্নাহার, জহিরুল ইসলাম নিজুম, আরিফুল ইসলাম সোহাগ, রাইসুর ইসলাম, আহসান উল্লাহ আনার, উসমান গনি মল্লিক মাখন ও তোফাজ্জল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পুলিশ পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, দীর্ঘ তদন্তে ঘটনার সত্যতা না পাওয়া পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বুধবার আদালত ওই আইনজীবীদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
জেলা আইনজীবী সমিতির বিএনপিপন্থি সাবেক সভাপতি নুরুল হক বলেন, একটি রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছিল। এই মিথ্যা মামলায় আমাদের ২ সহযোদ্ধা দীর্ঘ দুই মাসের অধিক সময় কারাভোগ করেছেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি।
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে বিএনপিপন্থি ওই ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহের সদস্য সচিব আবুল কালাম মোহাম্মদ আজাদ। শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগ এনে মামলাটি করা হয়।









