ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়াভাবে চলছে অবৈধ থ্রি-হুইলার যানবাহন। ফলে সড়কে যানজটসহ অহরহ ঘটছে দুর্ঘটনা। গেলো এক বছরে দুর্ঘটনায় প্রাণহানি ২৬৫ জনের। ভারী যানের চালকরা বলছেন, প্রশাসনের নাকের ডগায় অবৈধ এসব যান চললেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এসব যানচালকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়াভাবে কয়েক হাজার চলছে অবৈধ থ্রি-হুইলার মাহিন্দ্র। এসব থ্রি-হুইলারের মধ্যে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র। এসব যানের নেই কোনও সরকারি বৈধতা। এ নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন ভারী যানের চালকরা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চালক কামরুল ইসলাম জানান, ছোট থ্রি-হুইলারের যানবাহন মহাসড়কের চলাচলের কারণে ভারী যানবাহন চালাতে সমস্যা হয়। বিশেষ করে বিভিন্ন বাইলেন সড়ক থেকে থ্রি-হুইলারের চালকরা মহাসড়কে হুট করে উঠে যায়। তখন ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা যায় না। এর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনায় অনেকের প্রাণ হারাচ্ছেন আবার বেশিরভাগ পঙ্গুত্ববরণ করছেন। প্রশাসনের নাকের ডগায় এসব যান চললেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না দাবি তার।
শৌখিন বাসের চালক রাসেল মিয়া বলেন, ‘থ্রি-হুইলার যানবাহন মহাসড়কে চলাচল করার কথা না থাকলেও অবাধে চলছে এসব যানবাহন। প্রশাসনের সামনেই কীভাবে এরা চলাচল করছে এটা আমাদের বোধগম্য না। মহাসড়কে দুর্ঘটনা কমাতে হলে থ্রি-হুইলার যানবাহন বন্ধ করে দিতে হবে। এসব যানবাহনের কারণে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করে চলাচল করা কঠিন হয়ে যায়।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকার এক মাহিন্দ্রচালক বলেন, ‘মাহিন্দ্র গাড়ির সরকারি কোনও রেজিস্ট্রেশনসংক্রান্ত কাগজপত্র নাই। তবে দোকান থেকে মাহিন্দ্র কেনার ভাউচার তাদের সঙ্গে রয়েছে। এ ছাড়া থ্রি-হুইলার চালকদের সংগঠনের নেতারা প্রশাসনকে ম্যানেজ করে থাকে। এভাবেই আমরা এসব গাড়ি চালাচ্ছি। প্রশাসনের লোকজন সড়কে কখনোই আমাদের বাধা দেয় না।’
ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ের তথ্যমতে, গত ২০২৪ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৩২৩টি সড়ক দুর্ঘটনায় ২৬৫ জন মারা গেছেন এবং আহত হয়েছে ৪৫৯ জন।
বিআরটিএর সহকারী পরিচালক আবু নাইম জানান, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসব যানবাহন বন্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।
ট্রাফিক বিভাগের টিএসআই আবুল কালাম জানান, সড়কে থ্রি-হুইলার বন্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।
এদিকে, শুধু কথা নয়, সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন চলাচল বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর।







