বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল, যা এই সরকার বহন করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দুই বছরের মধ্যে এই সংকট কেটে যাবে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনার বিষয়ে মন্ত্রী বলেন, বিমান খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করতে ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির তৈরি এয়ারবাস থেকে নতুন উড়োজাহাজ কিনবে সরকার। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের বোয়িং ব্যবহারের অনুরোধ ছিল। সরকার ১৪টি বোয়িং কিনেছে। পাশাপাশি আরও কিছু উড়োজাহাজ ইজারা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সভায় স্থানীয় সংসদ সদস্য ওয়াহাব আকন্দ, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









