‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪

‘অজ্ঞান চিকিৎসকের গাফিলতিতেই আমার পাঁচ বছরের কলিজার টুকরো মেয়ে আয়েশার মৃত্যু হয়েছে। আগে জানলে পায়ের গোড়ালির টিউমারের অপারেশন করাতাম না। দরকার হলে পা কেটে হলেও আমার কাছে রাখতাম। অন্তত মেয়ের কাছ থেকে বাবা ডাকটা শুনতে পারতাম।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছেন ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর রেললাইনসংলগ্ন বস্তির বাসিন্দা ইমরান হোসেন আসাদুল। চিকিৎসকের গাফিলতিতে মেয়ের মৃত্যু হয়েছে—এমন অভিযোগ এনে প্রতিকার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন তিনি।

হাসপাতাল ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুলের একমাত্র মেয়ে পাঁচ বছরের আয়েশার ডান পায়ের গোড়ালির ওপর একটি টিউমার ছিল। মাঝেমধ্যে হাঁটাচলার সময় সেখানে ব্যথা হতো। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অর্থোপেডিক সার্জারি বিভাগে আয়েশার পায়ের টিউমারের অস্ত্রোপচার করা হয়। অপারেশন থিয়েটারে অ্যানেসথেসিয়া দেওয়ার দায়িত্বে ছিলেন অ্যানেসথেসিওলজিস্ট ডা. জাকির হোসেন। অপারেশনের পর আয়েশার জ্ঞান না ফেরায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়। সেখানেও জ্ঞান না ফেরায় বিকাল ৫টার দিকে তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আয়েশার মৃত্যু হয়।

মেয়ের মৃত্যুর পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে আয়েশার মরদেহ বাড়িতে নিয়ে এসে শুক্রবার দুপুরের পর দাফন করা হয়। এর পরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মেয়ের মৃত্যুর ঘটনায় প্রতিকার ও চিকিৎসকের বিচার চেয়ে হাসপাতাল পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন ইমরান হোসেন আসাদুল।

সমস্যার কথা একবারও বলেনি

আসাদুলের অভিযোগ, অপারেশনের পর তার মেয়ের জ্ঞান না ফিরলেও চিকিৎসকেরা তাকে বিষয়টি পরিষ্কার করে জানাননি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মেয়ের অপারেশনের পর জ্ঞান ফেরেনি। তাকে বিকাল ৫টা পর্যন্ত পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। কিন্তু আমার মেয়ের কী সমস্যা, ডাক্তাররা একবারও আমাকে বলেনি। তারা শুধু বলেছে, আমার মেয়ে সুস্থ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ছোট্ট পায়ের গোড়ালিতে একটি টিউমার অপারেশন করার পর আমার মেয়ের জ্ঞান কেন ফিরবে না? নিশ্চয়ই অজ্ঞানের ডাক্তারের গাফিলতির কারণেই মেয়ের অকাল মৃত্যু হয়েছে।’

মেয়েকে হারানোর কষ্টের কথা বলতে গিয়ে আসাদুল বলেন, ‘এক বছর আগে আমার স্ত্রী ছোট্ট মেয়ে আয়েশাকে রেখে আমাকে ছেড়ে চলে গেছে। এরপর থেকে আমি ওর বাবা, আমিই ওর মা। মেয়েটা ছিল আমার কলিজার টুকরা। ডাক্তারের ভুলের কারণে আমাকে ছেড়ে মেয়ে চলে গেছে। তবে যদি ডাক্তারের গাফিলতি থাকে, তাহলে এর বিচার চাই।’

দাদি, আমার জন্য দোয়া কইরো

আয়েশাদের বাসার প্রতিবেশী হাসিনা বেগম বলেন, হাসপাতালে নেওয়ার দিন সকালে আয়েশা তাকে বলেছিল, ‘দাদি, আমার জন্য দোয়া কইরো, আমি আবার ফিরে আসবো।’

হাসিনা বেগম বলেন, ‘মেয়েটার ওই কথাগুলো আমি কোনোভাবেই ভুলতে পারি না। বারবার কানে শুধু ওই কথাই আসে। একটা অপারেশনের জন্য কেন এই ফুটফুটে মেয়েটি মারা যাবে? আমরা এর বিচার চাই।’

অ্যানেস্থেসিয়ার ডোজ সঠিক ছিল

তবে চিকিৎসকের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন অপারেশনের সময় দায়িত্বে থাকা অ্যানেসথেসিওলজিস্ট ডা. জাকির হোসেন। তিনি বলেন, ‘অপারেশনের পর আয়েশার অক্সিজেন লেভেল নামতে থাকে। অপারেশন থিয়েটারে জ্ঞান ফেরেনি। পরে পোস্ট অপারেটিভে রাখা হয়। আড়াইটা পর্যন্ত আমাদের দায়িত্ব থাকলেও বিকাল ৪টা পর্যন্ত আমি আয়েশার পাশে ছিলাম। এরপরও তার জ্ঞান ফেরেনি।’

তিনি বলেন, ‘আমার বাবা অসুস্থ থাকায় অন্য একজন মেডিক্যাল অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমি বাসায় চলে যাই। পরে জানতে পারি আয়েশাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এরপর কী হয়েছিল, তা জানি না। পরে শুনতে পেয়েছি আয়েশার মৃত্যু হয়েছে।’

আয়েশার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ডা. জাকির হোসেন বলেন, ‘আয়েশার মৃত্যুতে আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত। তবে আয়েশাকে সঠিকভাবেই অ্যানেস্থেসিয়ার ডোজ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে আমাদের কোনও গাফিলতি ছিল না।’

আয়েশার জিএ (জেনারেল অ্যানেস্থেসিয়া) ফিটনেস সঠিক ছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অপারেশনের আগে আয়েশার জিএ ফিটনেস অন্য একজন চিকিৎসক করেছিলেন। এ বিষয়ে আমার জানা নেই।

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট্ট শিশু আয়েশার মৃত্যুতে আমরা সবাই দুঃখিত। তার বাবা ইমরান হোসেন আসাদুল একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন আয়েশার বাবা আসাদুল। তিনি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

/এএম/ 
সম্পর্কিত
শেবাচিমের মেডিসিন বিভাগ৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
সর্বশেষ খবর
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন