ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন একই এলাকার পান্নু মিয়ার ছেলে। গ্রেফতার যুবকের নাম অন্তর (২৫)। তিনি একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা দুপুরে আকুয়া ভাংগারপুল এলাকায় অন্তরের দোতলা থাকার কক্ষে যান সাদ্দাম। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি শুরু হয়। একপর্যায়ে অন্তর হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তরকে গ্রেফতার করা হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন।