আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি: সেই সাজু শেখের স্ত্রীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ২০:৫০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২০:৫৮

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ এমন আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ৮০ বছরের সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫) আর নেই। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

রবিবার বিকাল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে নূরজাহান বেগমকে দাফন করা হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে ছয় দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান হলো। জীবনসঙ্গীকে হারিয়ে আরও অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ সাজু শেখ।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার দুপুরে নিজ বাড়িতে মারা যান ওই নারী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। ওই দিন বিকাল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহানের। এর পর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। ধীরে ধীরে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। প্রয়োজন ছিল নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার। কিন্তু অভাবের সংসারে সেই ব্যবস্থা করা পরিবারের জন্য কঠিন হয়ে ওঠে। স্ত্রীর অসুস্থতার পর সাজু শেখের জীবনও যেন থমকে যায়। নিজের বার্ধক্য ও সীমাবদ্ধতা সত্ত্বেও অসুস্থ স্ত্রীর দেখাশোনায় কার্পণ্য করেননি তিনি। একদিকে স্ত্রীর সেবা, অন্যদিকে খাবার ও ওষুধের ব্যবস্থা—সব মিলিয়ে প্রতিদিনই তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সাজু শেখের একটি ভিডিও। সেখানে অসুস্থ স্ত্রীকে জড়িয়ে ধরে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় তাকে। তার কণ্ঠে ছিল অসহায়ত্ব, আর চোখেমুখে ফুটে উঠেছিল দীর্ঘদিনের অভাব-অনটন ও সংগ্রামের চিত্র। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তাদের দুরবস্থার কথা জানতে পারেন। এরপর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজখবর নেওয়া হয় এবং সহায়তাও দেওয়া হয়।

সাজু শেখ ও নূরজাহান দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়েছে অনেক আগেই। তারা মাঝেমধ্যে মা-বাবার খোঁজ নেন। তিন ছেলের একজন করোনা মহামারির সময় নিখোঁজ হন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান। বছরে এক-দুবার বাড়িতে আসেন। শেরপুরে থাকা ছোট ছেলে নূর ইসলাম দিনমজুরি করেন, ঠেলাগাড়িও চালান। কয়েক বছর আগে তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মারা গেছেন। তার তিন মেয়ে। নিজের সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হয়।

দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনে সুখ-দুঃখ, অভাব-অনটন আর সংগ্রামে একে অপরের সঙ্গী ছিলেন সাজু শেখ ও নূরজাহান বেগম। জীবনের শেষ দিনগুলোতে অসুস্থ স্ত্রীর পাশে ছিলেন সাজু। এখন সেই সঙ্গীকে হারিয়ে তার বাকি দিনগুলো কীভাবে কাটবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘নূরজাহান বেগমের মৃত্যু হয়েছে। পরিবারটির সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়া হ‌য়ে‌ছে। কর্মসংস্থানের জন্য দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। এ ছাড়া দেশ-বিদেশের অনেক সহৃদয়বান মানুষ পরিবারটির সহায়তায় এগিয়ে এসেছেন।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
সর্বশেষ খবর
শিক্ষার্থীরাদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম
শিক্ষার্থীরাদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
দীর্ঘদিনের ভোগান্তি শেষে কৃত্রিম পা পেলেন ছাত্রদলের সাবেক নেতা সাইফুল
দীর্ঘদিনের ভোগান্তি শেষে কৃত্রিম পা পেলেন ছাত্রদলের সাবেক নেতা সাইফুল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক