জামালপুরের দেওয়ানগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামে। তার বাবার নাম মনিরুল ইসলাম। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমাম ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হকের ভাষ্য অনুযায়ী, ওই মসজিদে আরবি পড়তে যেতো কিশোরীটি। অভিযোগ, সকালে অন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর তাকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ২৮ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর তাকে ধর্ষণ করেন তিনি।
বিষয়টি জানার পর কিশোরীর মা ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।