ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও চিকিৎসক ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের বিরুদ্ধে। ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে গভীর রাতে চালানো ওই অভিযানে ক্লিনিকের একাধিক দরজা ও তালা ভাঙা হলেও শেষ পর্যন্ত তাকে থানায় নেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অর্থ লেনদেনের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে এ অভিযান পরিচালিত হয়। ক্লিনিকটির মালিক ডা. জিন্নাহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি।
স্থানীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, ক্লিনিকটির ওপরের তলায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে গোপন বৈঠক হচ্ছে এমন তথ্য পেয়ে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ওই তলায় প্রবেশ করতে ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভাঙে পুলিশ। একপর্যায়ে ডা. জিন্নাহকে আটক করা হলেও তাকে থানায় নেওয়া হয়নি। পরে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় অভিযানের উদ্দেশ্য এবং আটকের পর তাকে ছেড়ে দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অভিযান চালিয়ে একজনকে আটক করার পর কী প্রক্রিয়ায় তাকে ছেড়ে দেওয়া হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনা করছেন অনেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসি শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক মাস পর ২০২৬ সালের ১১ মার্চ থেকে তিনি আবারও একই থানার দায়িত্বে রয়েছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি ওই থানায় এসআই হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ এবারই প্রথম নয় ওসি শিবিরুল ইসলামের বিরুদ্ধে। চলতি বছরের শুরুর দিকে মহানগর আওয়ামী লীগ নেতা রিপন মিয়া ওরফে মাল্টি রিপনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে অসুস্থতার কারণ দেখিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বলে ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় গিয়ে এ বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কাউকে আটক করার পর ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কোনও আসামি অসুস্থ হলে তার চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেওয়া সম্ভব। তবে এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া রয়েছে।
এদিকে ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক। তিনি বলেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তার বেসরকারি হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই। বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনে আমরা বিষয়টি উত্থাপন করব।
ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দও ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকার কথা জানান। তিনি বলেন, ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাকে প্রত্যাহার করতে বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন। ওসি এতো ক্ষমতা কোথায় পান, তার খুঁটির জোর কোথায় এ বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে ময়মনসিংহের এসপি মোহাম্মদ কামরুল হাসান বলেন, কোনও আসামিকে ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে ওসির কিছু ক্ষমতা দেওয়া আছে। তবে অভিযানের পর অর্থ লেনদেনের মাধ্যমে যদি ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।