মানিকগঞ্জে সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানসহ বিএনপি’র দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ওই ৬ ইউনিয়নের মোট ১৮ জনের মনোনয়ন যাচাই বাছাই শেষে বুধবার এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
জানা যায়, জাগীর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন ও গড়পাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফসার উদ্দিন সরকার ছাড়া কেউ মনোনয়ন পত্র জমা দেননি। যাচাই বাছাই শেষে এদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
দীঘি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই বাছাই শেষে বিএনপি প্রার্থী মতিউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
বেতিলা মিতরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই বাছাই শেষে বিএনপি প্রার্থী সাইফুদ্দিন আহমেদ ফিরোজের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
কৃষ্ণপুর ইউনিয়নে ৮ জন মনোনয়ন পত্র জমা দেন। যাচাই বাছাই শেষে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। এছাড়া হাটিপাড়া ইউনিয়নে জমাকৃত ৩ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ত্রুটি থাকায় এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি ৪টি ইউনিয়নে ২১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র আগামী বৃহস্পতিবার যাচাই করা হবে।
/এসএনএইচ/








