গাজীপুরে শাশুড়িকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে নিহতের পুত্রবধূকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ,কে,এম,এনামুল হক মঙ্গলবার ওই রায় দেন।
দণ্ডপ্রাপ্তের নাম মোসা. রোজিনা। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভারুয়ামারী গ্রামের মৃত ফজলুল হকের মেয়ে এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তর পাড়া এলাকার পারভেজের স্ত্রী। আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি।
আরও পড়তে পারেন: ফাঁসির প্রস্তুতি কারাগারে
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম মামলার উদ্ধৃতি দিয়ে জানান,কালিয়াকৈর থানার মৌচাক উত্তর পাড়া এলাকার বাড়িতে মা পারভীন ও স্ত্রী রোজিনাকে সঙ্গে নিয়ে বসবাস করতেন সবুর উদ্দিনের ছেলে পারভেজ। বিয়ের পর থেকেই রোজিনার সঙ্গে তার শাশুড়ি পারভীনের বনিবনা হচ্ছিল না। তাদের মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ হতো। গত বছরের ১৫ জানুয়ারি মা ও স্ত্রীকে বাড়িতে রেখে পারভেজ তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে রাতে রোজিনা তার ঘুমন্ত শাশুড়িকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।পরদিন বাড়িতে ফিরে এসে পারভেজ তার মায়ের ঘরে তালাবদ্ধ দেখতে পেয়ে রোজিনাকে মায়ের কথা জিজ্ঞাসা করেন। এসময় রোজিনা অসংলগ্ন জবাব দেন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসি রোজিনাকে আটক করেন।খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং রোজিনাকে আটক করে।
আরও পড়তে পারেন: ক্ষমা চাইবেন না নিজামী!
এ ঘটনায় পারভেজ কালিয়াকৈর থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ৩১ মে রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার বিচারকার্য চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। শুনানি শেষে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামলার রায়ে রোজিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। রায়ে একই সঙ্গে আসামীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
/এমএসএম /








