রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম মুন্তাজ আলী (৪০)। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছেন। এর আগে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। হাসাপাতালে চিকিৎসাধীন আছেন আরও ছয়জন।
প্রসঙ্গত, বাগামারার ১৬টি ইউনিয়নে শনিবার (৭ মে) ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন থেকে সেই ভোট স্থগিত করে দেওয়া হয়। তারপরেও বাতিল হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জান মোহাম্মদ সরদার এবং বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদের কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার দুপুর থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রুপের মাঝে। জান মোহাম্মদের বাহিনী শহিদের বাড়িতে হামলা চালানোর পর থেকে তা সহিংসতায় রুপ নেয়। পুলিশের দাবি, গুলিতে সিদ্দিকুর রহমান সিদ্দিক নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। সংঘর্ষের সময় রমজান আলী রঞ্জু নামে আরেকজন হার্ট অ্যাটাকে মারা যান। ৯ মে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম।
আরও পড়ুন:
বাগমারায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু
/বিটি/








