নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইস্যুতে এবার রাস্তায় নেমেছে স্থানীয় ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যানারে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এমপি ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তারা আরও বলেছেন, আগামী তিন দিনের মধ্যে এ পরিস্থিতির সুরাহা না হলে ও ষড়যন্ত্রকারীরা স্বেচ্ছায় সরে না দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী একসঙ্গে রাস্তায় নামবে।

এর আগে গত শুক্রবার শ্যামল কান্তি ভক্তের শাস্তিসহ শিক্ষামন্ত্রীকে প্রত্যাহারের দাবিতে তিনদিনের আলটিমেটাম দেয় নারায়ণগঞ্জ হেফাজতে ইসলাম। ১৯ মে সেলিম ওসমান সংবাদ সম্মেলন করে ঘটনার বর্ণনা নিয়ে শিক্ষককে কানে ধরে উঠবস করানোর খবরে দুঃখ প্রকাশ করেন। তবে ওই সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন, ইসলামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ওই শিক্ষককে শাস্তি দেওয়ার ঘটনায় ক্ষমা চাইবেন না। এতে তার ফাঁসি দেওয়া হলেও এক চুল নড়বেন না বলেও জানান তিনি। এর আগের দিন ১৮ মে নারায়ণগঞ্জের ৩৫টি স্থানীয় ও ৮টি জাতীয় ব্যবসায়ী সংগঠন সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন।
রবিবার দুপুর সাড়ে ১২ টা থেকে ১টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কে বিকেএমইএ কার্যালয়ের সামনে মানববন্ধনের সময়ে চাষাঢ়ায় এলোপাথাড়ি যানবাহন রেখে দেওয়ায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বিকেএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, চেম্বারের পরিচালক ফারুক বিন পাপ্পু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সেলিম ওসমান ১৩ মে বন্দর স্কুলে না গেলে পরিস্থিতি আরও জটিল হতো। সেলিম ওসমান জনরোষ থেকে শিক্ষককে রক্ষা করতেই শাস্তি দিয়েছেন। আর যেখানে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে সেখানে আরও কঠিন শাস্তি ওই শিক্ষকের পাওনা ছিল। কিন্তু যারা এটা নিয়ে এখন আন্দোলন করছে তারা নাস্তিক। তাদের উল্টো শাস্তি দেওয়া হবে। তিনদিনের মধ্যে যদি ষড়যন্ত্রকারীরা শান্ত না হন তাহলে ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। কঠোর জবাব দেওয়া হবে আন্দোলনকারীদের।
/টিএন/








