সিরাজগঞ্জের এনায়েতপুর থানার যমুনার চরাঞ্চলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানায় মামলা করেন। বিকালে অভিযুক্ত ধর্ষক আলাউদ্দিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৫টার দিকে স্থল ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ওই নির্যাতিতা ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই স্কুলছাত্রী জানায়, সোমবার বিকালে স্কুল থেকে ফিরে মার কাছে খাবার চেয়েছিলাম। কিন্তু রান্না দেরি হওয়ায় বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যাই। এ সময় একই এলাকার আনছার আলীর বিবাহিত ছেলে আলাউদ্দিনও (২২) ঘাস কাটার বাহানায় আমাদের কাছে আসেন। প্রথমে আলাউদ্দিন আমার কাছে কাস্তে চাইলে আমি অস্বীকার করি। এরপর জোর করে টেনে হিঁচড়ে আমাকে পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান আলাউদ্দিন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বর্ণালী রায় জানান, প্রাথমিকভাবে শিশুটিকে নির্যাতনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, বিষয়টি জানার পর আমরা নিজেরাই মেয়েটির বাবাকে থানায় নিয়ে আসি। তিনি দুপুরে মামলা করার পর বিকালে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:
একদিনে তিন ঘটনায় ১০ জনের মৃত্যুদণ্ড
/বিটি/টিএন/








