এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জেও সাগর বর্মণ (১০) নামে এক শিশুর পেটে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে রূপগঞ্জের যাত্রামুড়া জোবেদা টেক্সটাইল মিলে এই ঘটনা ঘটে। সাগরের বাবার নাম রতন বর্মণ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো. বাচ্চুমিয়া সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় থানাকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তার বাবা জানান, দুপুরের দিকে তার ছেলে অসুস্থ হয়ে গেছে বলে টেক্সটাইল মিল থেকে তাকে খবর পাঠানো হয়। তিনি সেখানে গিয়ে দেখেন কে বা কারা তার ছেলের পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়েছে। এ কারণে সে অসুস্থ হয়ে গেছে এবং পেট ফুলে পায়ুপথ দিয়ে রক্ত পড়ছে। সাগরকে তাড়াতাড়ি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর দুপুর ৩টার দিকে সাগরের মৃত্যু হয়।
সাগর বর্মণ তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সে পরিবারের সঙ্গে নারায়ণঞ্জের তারাবো দীঘি বরাবর এলাকায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কালিয়াঝুড়ি গ্রামে।
উল্লেখ্য, গত বছর খুলনায় রাকিব নামে এক কিশোরকে শাস্তি দেওয়ার নামে পেটে বাতাস ঢুকিয়ে হত্যা করে এক ওয়ার্কশপের মালিক ও কর্মচারী। এ মামলায় দ্রুততম সময়ে বিচার শেষে তাদের দু’জনকেই মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন।
/জেবি/টিএন/







