নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত পুলিশ কনস্টেবল আরিফ খানের দাফন গ্রামের বাড়ি মানিকগঞ্জে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার শুশুন্ডা গ্রামের নিজ বাড়ির কাছে তাকে দাফন করা হয়।
নিহত আরিফ খানের ভাতিজা ফিরোজ আলম খান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়ির কাছে কবরস্থান মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। শুশুন্ডা গ্রামের মৃত বজলুর রহমান খানের একমাত্র ছেলে আরিফ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারের পান-সুপারির দোকানি আবদুল মতিন গত বুধবার বিকালে বাড়ির সামনের সড়কের পাশে খড়ের গাদা তৈরি করছিলেন। এসময় সোনারগাঁ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান সাদা পোশাকে মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা ওই ব্যবসায়ীকে মাদক বিক্রেতা আখ্যা দিয়ে আটক করার চেষ্টা করেন। এসময়সড়কের পাশের খাদের পানিতে ডুবে আবদুল মতিন (৫০)মারা যান। এ ঘটনা দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশ কনস্টেবল আরিফকে আটক করে। পরে এলাকার মানুষ একত্র হয়ে আরিফুর রহমানকে পিটুনি দিলে তিনি মারা যান। এর আগে সুযোগ বুঝে এএসআই ফখরুল সরে পড়েন।
আরও পড়ুন: সেই পান দোকানির মাথায় ‘আঘাতের চিহ্ন’ রয়েছে
/এআর/








