দুইটি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাতে টহল পুলিশ দল জামালপুর-সরিষাবাড়ি সড়কে টহল দেওয়ার সময় মেষ্টা ঝাউরাম এলাকায় তিন সন্ত্রাসীকে দেখতে পায়। তারা পুলিশ দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে দুটি রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ আটক করে। আটককৃতরা হলেন, মো. ইব্রাহিম খান, মুরাদ হাসান ও কনিজ আহম্মেদ।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, আটক সন্ত্রাসীরা কি ধরণের নাশকতার পরিকল্পনা করছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়া, সহকারী পুলিশ সুপার এ কে এম মুনিরুল ইসলাম, জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
/জেবি/
আরও পড়তে পারেন : নারায়ণগঞ্জে ৩১টি জাল পাসপোর্টসহ হত্যা মামলার আসামি গ্রেফতার







