জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সৈয়দপুর গ্রামে ভারত থেকে আসা বন্য হাতিটিকে ট্রাংকুলাইজ বা অজ্ঞান করে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ বন বিভাগের উদ্ধারকারী দল।
বন বিভাগের ভেটেরেনারি সার্জন ডা. সাইদ জানান, বুধবার দুপুর ১২টার সময় হাতিটি পানি থেকে সৈয়দপুর গ্রামে শুকনো জায়গায় অবস্থান নেয়। এসময় উদ্ধারকারী দলের সদস্য বঙ্গবন্ধু সাফারি পার্কের সহকারী সার্জন ডা. মোস্তাফিজুর রহমান হাতিটিকে ট্রাংকুলাইজ করেন। কিন্তু ওই কাজে প্লাস্টিক ডার্ট ব্যবহার করায় ডার্টের মধ্যে থাকা চেতনানাশক ওষুধ হাতির মাংস পেশিতে প্রবেশ করতে পারেনি। ফলে হাতিটিকে অজ্ঞান করা সম্ভব হয়নি।
ডা. সাইদ আরও জানান, বুধবার দুপুরে মোটামুটি সুবিধাজনক অবস্থানে থাকায় আমরা হাতিটিকে ট্র্যাংকুলাইজ করি। কিন্তু তা সফল না হওয়ায় পরবর্তীতে মেটাল ডার্ট ব্যবহার করে হাতিটি উদ্ধারের চেষ্টা করবো। বর্তমানে হাতিটি ওই উপজেলার কামরাবাদ ইউনিয়নের বন্যা প্লাবিত নিচু ভূমির পানির মধ্যে অবস্থান করছে।
গত ২৭ জুন ভারতীয় এই বন্য হাতিটি বন্যার পানিতে ভেসে ঢুকে পড়ে বাংলাদেশে। এক মাসের বেশি সময় ধরে এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। হাতিটি উদ্ধারে গত ৩ আগস্ট বুধবার ভারতীয় একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। ৫ আগস্ট থেকে টানা তিনদিন তারা উদ্ধারের চেষ্টা চালায়। কিন্ত কোনোভাবেই হাতিটিকে ডাঙ্গায় ভেড়ানো সম্ভব হয়নি। এখন হাতিটি অবস্থান করছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সৈয়দপুর গ্রামে।
/এফএস/ এপিএইচ/
আরও পড়তে পারেন: ভাঙন থেকে রাজাপুরকে রক্ষার দাবিতে মানববন্ধন








