টাঙ্গাইলের বাসাইলে নদী ভাঙনের কবল থেকে বিদ্যালয়, শহীদ মিনার ও সেতু রক্ষার দাবিতে সড়ক অবরোধ ও মিছিল সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার টাঙ্গাইল বাসাইল সড়কের নথখোলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
এলাকাবাসীরা জানান, ঝিনাই নদীর ভাঙনে সোমবার সকালে নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত শহীদ মিনার নদী গর্ভে বিলীন হয়ে যায়। হুমকির মুখে পড়েছে স্কুল ভবনসহ ঝিনাই নদীর ওপর নির্মিত সেতু। যে কোনও মুহূর্তে স্কুল ও সেতু নদী গর্ভে চলে যেতে পারে। এতে এই এলাকার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যহত হওয়ার পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে বাসাইল, সখীপুরের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। ময়মনসিংহের কয়েকটি উপজেলার টাঙ্গাইলের যোগাযোগ রক্ষা হয়ে থাকে এই পথেই। ভাঙনের ফলে লাখ লাখ লোকের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
পরে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিন, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, বাসাইলের সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসে ভাঙন প্রতিরোধে প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়তে পারেন: কর্নেল ফারুকের সুটকেস বহন করেছিলেন জিয়া
/এমএসএম/







