ভোলার মনপুরার মেঘনা নদীর বদনার চর এলাকায় মাছ ধরার সময় ৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহিনী। এসময় তাদের ছোড়া গুলিতে ২ জেলে আহত হয়। পরে মোবাইল ফোনে জিম্মিকৃত জেলেদের ছাড়তে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করে জলদস্যুরা।
অপহরণ হওয়া জেলেরা হলেন- ফারুক মাঝি, মো. নেছার, আবুল বাসার, জাহাঙ্গির ও জাফর মাঝি। এদের সবার বাড়ি মনপুরার বিভিন্ন এলাকায় ।
মনপুরার রামনেওয়াজ বাজারের মাছ ব্যাবসায়ীরা জানান, প্রতিদিনের মত মনপুরা ইউনিয়নের পূর্ব পাশের বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। এসময় জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাথারি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে মনির মাঝি ও জেলে ছালাউদ্দিনসহ অন্তত ১০ জেলে আহত হয়। দুপুরে জলদস্যুরা মোবাইল ফোনে জিম্মিকৃত জেলেদের ছাড়তে পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
মনপুরা থানার ওসি শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল মনপুরার সীমানা সংলগ্ন নোয়াখালীর হাতিয়ায় ।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন জানিয়েছেন, জিম্মিকৃত জেলেদের মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: গ্রামের বাড়ি তালাবদ্ধ, জঙ্গি তামিম ‘সিলেটে নেই’
/এআর/








