পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, ‘ঈদে রাস্তায় কোনও চাঁদাবাজি হবে না। কেউ যদি চাঁদাবাজি করে, সে আমাদের পুলিশের পোশাক পড়া লোক অথবা অন্য কেউ, তার বিরুদ্ধে সমভাবে আইন প্রয়োগ করা হবে।’
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে তিনি ঈদে সড়ক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কমিউনিটি পুলিশের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম, গাজীপুর ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
/বিটি/







