সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রাশেদ সারোয়ার রুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি চাঁদাবাজি মামলার তদন্তকারী কর্মকর্তারা পাঁচ দিন করে ১০দিনের রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে শুনানি হবে ২৫ সেপ্টেম্বর।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রুমনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। এরপর দুটি মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথক পৃথক আবেদনে পাঁচ দিন করে রিমান্ড চেয়েছেন সোমবার। ২৫ সেপ্টেম্বর শুনানি শেষে মঞ্জুর হলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে সার্বিক ঘটনার রহস্য উন্মোচন করা হবে।
প্রসঙ্গত, চাঁদাবাজির মামলায় গত রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের চৌরঙ্গির মোড় থেকে গ্রেফতার করা হয় রুমন সরোয়ারকে।
সম্প্রতি রুমনের দ্রুত গতিতে গাড়ি চালানো, চাঁদাবাজি ও মাতলামিতে অতিষ্ঠ হয়ে ওঠে এলাকাবাসী।
/এআর/








