মুন্সীগঞ্জে গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহতের ঘটনায় চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ জানান, এই ঘটনায় তিন জন আটক করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ বাগবাড়ি মসজিদ প্রাঙ্গণে সালিশ বৈঠকে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা শিক্ষার্থীদের বেত্রাঘাত ও জরিমানার রায় দেন।
জানা গেছে সহপাঠীদের সঙ্গে নৌ ভ্রমণে গিয়ে স্কুলছাত্র আরাফাত হোসেনের মৃত্যু হয়। ওই ঘটনায় সালিশ থেকে ২৩ শিক্ষার্থীকে ২৫ বার বেত্রাঘাতে ও সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত মো. সুমনের বাবা তোফাজ্জল হোসেন বাদি হয়ে চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মধ্যরাত থেকে সকাল পযর্ন্ত অভিযান চালায় পুলিশ। এসময় এজাহারভুক্ত ৩ জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায় বেত্রাঘাতে আহত শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
/এনএস/








