পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজছাত্র রুবেল (২০) হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন।
ফাঁসিরদণ্ড পাওয়া আসামিরা হলেন মিরাজ (২০), আব্দুল জলিল (২২) ও আবুল কালাম (২৩)। এদের মধ্যে প্রধান আসামি মিরাজ পলাতক। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
যাবজ্জীবনদণ্ড পাওয়া আসামিরা হলেন জাহিদুল ইসলাম, আব্দুল মান্নান, ফারুখ খাঁ, রিয়াজ খাঁ। এছাড়াও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের নথি সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো. হাবিবুর রহমান আকনের ছেলে মঠবাড়ীয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র রুবেল আকনের সঙ্গে আব্দুল মান্নানের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া জমি নিয়েও তাদের পরিবারের মাঝে বিরোধ ছিল। এর জের ধরে আসামিরা ২০০৮ সালের ২২ জুন রাতে রুবেলকে তার বোনের বাড়ি ঘটিচোরা থেকে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে উত্তর মিঠাখালী এলাকায় প্রাক্তন ইউপি সদস্য জব্বার মিয়ার বাড়ির পশ্চিম পাশে সুপারী বাগানে নিয়ে গলা কেটে হত্যা করে খালে ফেলে দেয়। পরদিন ২৩ জুন খালে রুবেলের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় রুবেলের বাবা হাবিবুর রহমান আকন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।
মামলায় তদন্তকারী কর্মকর্তা সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তিনজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক কাঞ্চন।
আরও পড়ুন:
চাঁদপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
/বিটি/







