পার্বত্যাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পার্বত্যাঞ্চলের যে বহুমুখি বাস্তবতা সেই বাস্তবতা উপলব্ধি করে সমন্বয়ের মাধ্যমে বিজিবি কাজ করে চলেছে। বিজিবির রাঙামাটি সেক্টরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে সন্তু লারমা এসব কথা বলেন।
সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে কাজ করার আহ্বানও জানিয়ে সন্তু লারমা বলেন, ‘বিজিবির সদস্যরা পার্বত্যাঞ্চলকে বিশেষ অঞ্চল হিসেবে বিবেচনা করে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এছাড়াও বিজিবি জনগণের কল্যাণেই কাজ করে চলেছে।’ সন্তু লারমা বিজিবির উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন এবং জনহিতকর কাজের জন্য বিজিবি রাঙামাটি সেক্টরকে ধন্যবাদ জানান।
দুপুরে আয়োজিত এই প্রীতিভোজের আগে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম আগত সব অতিথিদের বরণ করে নেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংসদ সদস্য উষাতন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুল আলম, ডিজিএফআই অধিনায়ক কর্নেল মো. এমদাদ উল্লাহ ভুঁইয়া, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীসহ প্রমুখ।
প্রীতিভোজের পূর্বে বিজিবি রাঙামাটি সেক্টরের কর্মকাণ্ড সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন সেক্টরের অতিরিক্ত পরিচালক অপারেশন মেজর মো. ফজরে রাব্বি। সন্ধ্যায় বিজিবির হ্যালিপ্যাডে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
/এমও/







