সাভারের হেমায়েতপুর এলাকার ঋষিপাড়ায় মিন অয়েলস লিমিটেড কারখানায় মেশিন পরিষ্কার করতে গিয়ে জাকির হোসেন (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক জাকির ঠাকুরগাঁও জেলায় বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাভার হেমায়েতপুরের ঋষিপাড়া গ্রামে বসবাস করতেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার মিন অয়েলস লিমিটেড নামক কারখানার ভেতরে ভ্যাসেল মেশিন পরিষ্কার করতে মেশিনের সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন শ্রমিক ঝন্টু। এসময় সে পা পিছলে মেশিনের নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করতে মেশিনের নিচে নামেন কারখানার সহকারী সুপার ভাইজার জাকির হোসেন ও সুপার ভাইজার গোলাপ মিয়া। পরে তারাও মেশিনের ভেতরে অজ্ঞান হয়ে পড়লে কারখানার অন্য কর্মকর্তারা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মধ্যে জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া, গুরুতর অসুস্থ অন্য দুইজনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এদিকে শ্রমিক মৃত্যুর খবর পেয়ে কারখানার অনান্য শ্রমিকরা মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক রয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
- আইভী নিউজিল্যান্ডের বাসিন্দা: সাখাওয়াত
- রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দেবে বিএনপি ও এলডিপি
/এমও/








