সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশি অভিযানে ৯ হাজার লিটার ভেজাল পেট্রোলসহ এক লরি চালককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ট্যাংকলরি চালক শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে আশরাফুল আলম (৩৫)। সে ভেজাল পেট্রোল সরবরাহকারী সিন্ডিকেট চক্রের সদস্য। এসময় লরির এক হেলপার পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুরের বাঘাবাড়ি তেল বন্দর ও আশেপাশের এলাকায় স্থানীয় একটি চক্র দীর্ঘদিন থেকেই এসব ক্রুড বা ভেজাল পেট্রোল চট্টগ্রাম থেকে অবৈধভাবে বাঘাবাড়িতে আনে। বাঘাবাড়ি তেল বন্দরের মেঘনা, যমুনা ও পদ্মা তেল ডিপো থেকে সরবরাহকৃত আসল পেট্রোলের সঙ্গে ওইসব ভেজাল পেট্রল মিশিয়ে উত্তরাঞ্চলে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। তথ্য দিলেও প্রায়ই অজ্ঞাত কারণে এসব চক্রের ট্যাংকলরি চালকদের ধরা হয় না। অনেক সময় মাসোয়ারার টাকা পরিশোধ না করা হলে শুধু অভিযান পরিচালিত হয়। শাহজাদপুর থানা পুলিশ মাসোয়ারা বা উৎকোচ নিয়ে এসব ভেজাল পেট্রল বহনকারীদের সহায়তা করে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম। তিনি জানান, ভেজাল পেট্রোল কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
/এমও/








