আগামী ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী কমিশনারসহ নতুন একটি নির্বাচন কমিশনের তালিকা প্রদান করবে জাতীয় পার্টি, বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের একথা জানান তিনি।
এরশাদ বলেন, ‘ইতিমধ্যে নামের তালিকা চূড়ান্ত করেছি। আমরা আশা করবো একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। তবে সেটা পাবো কিনা জানি না। রাষ্ট্রপতি হয়তো প্রধানমন্ত্রীর কথামতই নির্বাচন কমিশন গঠন করবেন আর এভাবেই এ নিয়ম চলে আসছে। তবে এবার আমরা আশা করছি কিছু একটা পরিবর্তন হতে পারে, কিছুটা হলেও নিরপেক্ষ ব্যাক্তিকে কমিশনে নিয়োগ দেওয়া হবে।’
নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে একটা আইন করা দরকার উল্লেখ করে এরশাদ বলেন, ‘এর আগেও জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে আমাদের প্রস্তাব উত্থাপন করেছি। আইনটা করা গেলে নির্বাচন কমিশনাররা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবেন। আশা করি আইন প্রণয়ন করে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি কোনও প্রার্থী দেয়নি, কোনও দলের প্রার্থীকে কী সমর্থন দেবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘ওটা স্থানীয় সরকার নির্বাচন, এসব নিয়ে আমরা ভাবছি না। আমরা আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’
জাতীয় পার্টি মহাজোটের শরীক নয় দাবি করে প্রবীণ এই নেতা বলেন, ‘আমরা জাতীয় সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করছি। আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন ঢাকায় লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে প্রমাণ করতে চাই জাতীয় পার্টি যেমন সংসদে আছে তেমনি রাজপথেও আছে।’ এসময় তিনি রংপুর থেকে হাজার হাজার নেতাকর্মীকে সমাবেশে যোগদান করার আহ্বান জানান।
এর আগে, এরশাদ ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর গিয়ে শোভাযাত্রা সহকারে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ জেলা ও মহানগর জাপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এরশাদ রংপুর মহানগর জেলা ও মহানগর জাপা ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে ১ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি সফল করার ব্যাপারে রুদ্ধদার বৈঠক করেন।
/এমও/








