আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধা সামছুল হক, বাসাবাড়িতে কাজ করেন স্ত্রী

নড়াইল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ০৩:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ০৩:১৩

মুক্তিযোদ্ধা সামছুল হক

দেশের মধ্যি আমার এক শতকও জাগা-জমি নাই। তায় বউ ও নাতিডারে নিয়ে এই গুচ্ছগ্রামে থায়ি (থাকি)। যুদ্ধের সুমায় (সময়) যারা দেশের সাথে বেঈমানি করিছে, যে রাজাকাররা আমাগে দেশের মানুষরে দিনি-দুপুরি জবাই করিছে, মা-বোনের ইজ্জত নেছে, তারা আইজকে অনেক অর্থ-সম্পাদের মালিক হয়েছে। তারা কেউ আমার মতো গুচ্ছগ্রামে মানবেতর জীবনযাপন করতিছে না। এই কি একজন মুক্তিযুদ্ধার পুরস্কার? এ জন্নি (জন্য) কি দেশটারে স্বাধীন করিছিলাম?

স্বাধীনতাযুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে পরাজয়ের বেদনা, হতাশা আর হাহাকার নিয়ে কথাগুলো বলছিলেন অশীতিপর মুক্তিযোদ্ধা শামছুল হক।নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পে (গুচ্ছগ্রাম)এখন বাস ৮১ বছর বয়সী এই মুক্তিযোদ্ধার।

মহান বিজয় দিবসে গোটা দেশ যখন বিজয় উদযাপন করছে, তখন শামছুল হক বলছেন, ‘মুক্তিযুদ্ধা হইছি বলে সরকার থেয়ে (থেকে) মাসে টাহা (টাকা) দেয়। আমার ওষুদ কিনতি কিনতিই তো সে টাহা শেষ হয়া যায়। আমি মরে গিলি কিডা আমার বউ-সংসার দ্যাখপে (দেখবে)?’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিজ মুখে বউ-সংসারের কথা বললেও বয়সের ভারে নিজেই ন্যুব্জ হয়ে পড়েছেন শামছুল হক। অসুস্থতা তার নিত্যসঙ্গী। ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। অন্যের সাহায্য নিয়ে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতে হয় তাকে। কাজ করার শক্তি নেই এই মুক্তিযোদ্ধার। তার বেশিরভাগ সময়ই এখন কাটে আশ্রয়ণ প্রকল্পের খুপড়ি ঘরে।

একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন আগেই।তবে দারিদ্র্য পিছু ছাড়েনি মুক্তিযোদ্ধা শামসুল হকের। একটু স্বচ্ছলতার আশায় তার স্ত্রীকে এখন কাজ করতে হয় অন্যের বাসাবাড়িতে। মুক্তিযোদ্ধা হওয়ায় যে ভাতা পান, তা দিয়ে নিজের ওষুধগুলো ঠিকমতো কিনতে পারেন না। তার উন্নত চিকিৎসাও প্রয়োজন বলে জানান প্রতিবেশীরা।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা শামছুল হক বলেন, ‘১৯৭১ সালে আমার বয়স ৩০/৩২ বছর হবে। নিজির (নিজের) চোখে পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে নিজেকে ধরে রাখতি পারিনি। শরণার্থীদের সঙ্গে ভারতে চলে যাই। সেখানে ট্রেনিং শেষ করে দেশে এসে যুদ্ধ করি।’ তিনি জানান,জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া, নড়াইল ও লোহাগড়াসহ বিভিন্ন অঞ্চলে।

স্বল্পশিক্ষিত সামছুল হক রাজনীতি বুঝতেন না। তিনি কেবল পাকিস্তানি বাহিনীর হাতে নিজের দেশের মানুষকে হত্যা হতে দেখেছেন। তিনি ভাবতেন, দেশের অর্থ অন্য দেশে না গেলে দেশে ভালোভাবে থাকতে পারবেন, দেশের মানুষের অভাব দূর হবে। তিনি বলেন, ‘রক্ত ঝরলো, যুদ্ধ শেষ হলো। অভাব তবু শেষ হলো না।’ বীর মুক্তিযোদ্ধা সামছুল হকের প্রশ্ন, ‘আমার দুঃখ-কষ্টের দিন কি কখনও শেষ হবে?’

স্বাধীন বাংলার মানচিত্রের জন্য নিজের জীবনের তোয়াক্কা করেননি শামসুল ইসলাম। অথচ স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে তার প্রাপ্তি সেই অভাব আর দারিদ্র্য। সামাজিক অবজ্ঞাও জুটেছে তার কপালে। স্থানীয়রা বলছেন, শামছুল হকের মতো হত-দ্ররিদ্র মুক্তিযোদ্ধারা যেন একটু ভালোভাবে বেঁচে থাকতে পারেন সে জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ প্রশাসনের আশু পদক্ষেপ নেওয়া উচিত।

মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মফিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কতটা অসহায় হলে একজন মুক্তিযোদ্ধাকে আশ্রয়ণ প্রকল্পে থাকতে হয়, তা সচেতন মানুষ সহজে বুঝতে পারবেন। আশা করছি, লোহাগড়ার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের এই মুক্তিযোদ্ধার দিকে সরকার সুদৃষ্টি দেবেন এবং তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন।’

/টিআর/

সম্পর্কিত
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
অযত্ন-অবহেলায় সর্ববৃহৎ গণহত্যার স্থান, ৫৪ বছরেও হয়নি স্মৃতিসৌধ
নানা আয়োজনে রাজধানীবাসীর বিজয় উদযাপন
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী