গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর আহত ও তাদের প্রাইভেট কারচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় জেলা ছাত্রলীগ সভাপতি শুভ্রজিত হালদার বাবুকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার সকাল পৌনে ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে কাজ শেষে শনিবার সকালে নিজস্ব প্রাইভেট কারে পিরোজপুরে ফিরছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি শুভ্রজিত হালদার বাবু ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু। এসময় মাসুম নামে আরেক ছাত্রলীগ কর্মীও তাদের সঙ্গে ছিলেন। প্রাইভেট কারটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া চরপাড়া এলাকায় পৌঁছলে ইগলু পরিবহনের একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ফরিদুল ইসলাম নিহত ও অপর তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শুভ্রজিত হালদার বাবুকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ফরিদুলের বাড়ি পিরোজুর শহরতলীর ভাইজোড়া এলাকায়।
কাশিয়ানি থানার ওসি (তদন্ত) জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানের চালক রওশন আলীকে আহতাবস্থায় আটক করা হলেও হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/টিএন/







