আতিয়া মহলে নিহত বাকি দুই জঙ্গির লাশের ময়না তদন্ত মঙ্গলবার দুপুরের দিকে সম্পন্ন হয়েছে। ঘণ্টা খানেকের মধ্যেই লাশ দুটো বেওয়ারিশ হিসেবে সিলেট সিটি করপোরেশনের মাধ্যমে নগরের মানিক পীর (র.) কবরস্থানে দাফন করা হবে। সিলেট মহানগড়ীর কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সোহেল আহাম্মদ আরও জানান, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ড. নিজাম উদ্দিন লাশ দুটোর ময়নাতন্ত সম্পন্ন করেছেন। লাশ সনাক্তের জন্য বেশ কয়েক জন এসে ছিলেন। কিন্তু লাশগুলো ছিন্ন ভিন্ন থাকায় তারা সনাক্ত করতে পারেননি। তাদের ডিএনএ এর নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে পড়ে থাকা ক্ষত-বিক্ষত লাশ দুটি সোমবার (৩ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিটের দিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশ দুটো উদ্ধার করেছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশগুলো পুরুষ জঙ্গির। তারা সেনাবাহিনীর প্যারা-কমান্ডো অভিযান চলাকালে নিহত হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে। এই অভিযানে চার জঙ্গি মারা যায়। তাদের মধ্যে এক নারীও ছিল।
/জেবি/
আরও পড়তে পারেন: জঙ্গি আশরাফুলের ‘কলঙ্কের ভাগ’ নেবেন না তার মা








