রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান এ মামলা করেছেন।
বৃহস্পতিবার (৪ মে) রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-১-এর বিচারক তারিক হোসেনের আদালতে তিনি মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে শুনানির জন্য আগামী ১১ মে তারিখ নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩ মার্চ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দেড় থেকে দু’শজনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। উপাচার্য এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শিক্ষক তাবিউর রহমান প্রধানকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে তার পদোন্নতি আটকে রাখেন। পরবর্তীতে ২০১৬ সালের ২৫ এপ্রিল মামলাটি আদালত খারিজ করে দেন। এরপরেও তাকে পদোন্নতি দেওয়া হয়নি। এ ঘটনায় ওই শিক্ষক নেতা তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন ও আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন।
মামলার বাদী শিক্ষক তাবিউর রহমান প্রধান জানান, অজ্ঞাত মামলার আসামি করা হবে বলে উপাচার্য তাকে বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে তার পদোন্নতি আটকে রেখে সামাজিক ও আর্থিক ক্ষতি করেছে। ওই মামলায় প্রথম থেকে শেষ পর্যন্ত কোনও আসামির নাম ছিল না। তার পরেও উপাচার্য ব্যক্তিগত আক্রোশে তার পদোন্নতি আটকে রাখেন। তিনি আশা প্রকাশ করেন আদালত তাকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেবেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন মনির চৌধুরী অ্যাডভোকেট। তিনি জানান, আগামী ১১ মে মামলাটির আদেশের জন্য তারিখ ধার্য করেছেন আদালত।
/বিএল/








