নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের বাসুন্দা আতলাবো এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আরও পাঁচটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী শনিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের বাসুন্দা এলাকায় শীতলক্ষ্যা নদীতে আবারও অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে একটি বস্তায় ভরা পাঁচটি এসএমজি ফায়ার সার্ভিসের ডুবুরিরা তুলে আনে।
তিনি আরও জানান, পূর্বাচল লেকে দ্বিতীয় দিনের মতো অস্ত্র ও গোলাবারুদের খোঁজে অভিযান শেষ হয়েছে। তবে আরও অস্ত্র আছে কিনা তা জানতে আগামীকাল লেকে আবারও তল্লাশি চালানো হবে। এজন্য লেকটি সেঁচে ফেলা হবে।
তিনি আরও জানান, শুক্রবার সকাল থেকে বিকালে পর্যন্ত উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ও টারবাইন সেলগুলো শনিবার নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটার পর ভোলাব ইউনিয়নের বাসুন্দা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে একটি বস্তা ভরা অবস্থায় পাঁচটি এলএমজি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নদীর পূর্বপারে ৩০/৩৫ ফুট গভীরতায় অস্ত্রগুলো ফেলে রাখা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্রগুলো নদী থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে অস্ত্র নিয়ে নিজেদের হেফাজতে ও বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রূপগঞ্জের বাগলা গ্রামে শরীফুল (৩৫), একই উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহীন ওরফে সানু (৩০), মাঝ পাড়া গ্রামের রাসেল (২৩) ও গুতিয়াবো এলাকার শান্ত (১৮) ।
জেলা গোয়েন্দা পুলিশ ওসি মাহমুদুল ইসলাম জানান, রূপগঞ্জের গুতিয়াবো এলাকার মহসেন মিয়ার ছেলে হৃদয় (২২) ওই লেকে মাছ ধরতে গিয়ে অস্ত্রের বস্তা তার পায়ে লাগে। সে একটি বস্তা তুলে ৯/১০টি অস্ত্র পায়। বিষয়টি সে শান্তকে জানায়। পরে শান্ত শরীফুল, শাহীন ও রাসেলকে জানায়। পরে হৃদয়সহ সবাই মিলে অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। এরই মধ্যে তাদের কাছ থেকে তিনটি অস্ত্র (এসএমজি) উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটি অস্ত্র গতকাল শনিবার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। হৃদয় বর্তমানে বিদেশে অবস্থান করছে বলেও নিশ্চিত হয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক জানান, রূপগঞ্জর পূর্বাচল লেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে। আগামীকাল লেকের পানি সেচে আরও অস্ত্র ও গুলি আছে কিনা তল্লাশি করে দেখা হবে। তিনি বলেন, শুক্রবার লেক থেকে উদ্ধার করা ৪২টি হ্যান্ড গ্রেনেড ও ৫৮টি টারবাইন শেল এর বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকার বম্ব ডিসপোজাল ইউনিট।
/টিএন/








