রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে আশ্রয়হীনদের জন্য ১০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাত পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে আট শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। রাঙামাটির জেলা প্রশাসক মানজুরুল মান্নান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মানজুরুল মান্নান জানান, আশ্রয়কেন্দ্রের লোকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আশ্রয়হীনদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার, আশ্রয়সহ অন্যান্য ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক বলেন, ‘এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোর জন্য একশ মেট্রিকটন খাদ্যশস্য ও ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল (বুধবার) সকালে রাঙামাটি পরিদর্শনে আসবেন।’
প্রসঙ্গত, রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটি সদরে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্যসহ ৫৩ জন, কাপ্তাইয়ে ১৮ জন, কাউখালীতে ২৩ জন, বিলাইছড়িতে ২ ও জুড়াইছড়িতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রয়োজনীয় উপকরণ না থাকার কারণে মঙ্গলবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। বুধবার সকালে ফের শুরু হবে উদ্ধার অভিযান।
আরও পড়ুন-
আতঙ্কের পাহাড়ে এখন আহাজারি আর আর্তনাদ
রাঙামাটিতে পাহাড় ধসে সেনা কর্মকর্তাসহ নিহত ৯৮
রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১৩০
/এমও/টিআর/








