খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার ভোর থেকে টানা বর্ষণে খাগড়াছড়ি জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, মেহেদীবাগ, মিলনপুর, সাতভাইয়া পাড়া মুখ, খবংপুড়িয়া, শান্তিনগর, অর্পণা চৌধুরী পাড়া, কল্যাণপুরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পাহাড়ি ঢল নামতে শুরু করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। খাগড়াছড়ি শহরের চেঙ্গী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আশপাশের গ্রাম ও গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পাশাপাশি টানা বর্ষণের ফলে খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস জানান, বন্যা দুর্গত যারা বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন তাদের শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হবে।
/বিএল/এআর/








