চাঁদাবাজি ও এ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তরকে কারণ দর্শনোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২৯ জুলাই) জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান তাকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর এ নোটিশ দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২২ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘জাবিতে ছাত্রলীগ নেতার নির্দেশে ক্যান্টিন বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে হামজা রহমান অন্তর ক্যান্টিন মালিকের কাছে চাঁদা দাবি করেছিলেন বলেও উল্লেখ করা হয়। এ সংবাদ প্রকাশের জেরে হামজা রহমান অন্তর সাংবাদিক আরিফুল ইসলাম নেহালকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক কথাবার্তা লিখেন বলে অভিযোগ ওঠে।
নোটিশে বলা হয়, ২২ জুলাই প্রকাশিত সংবাদের ঘটনায় হামজা রহমান অন্তরের ভূমিকা এবং সংবাদ প্রতিনিধির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ জাবি ছাত্রলীগের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কাজের পুনরাবৃত্তি ঘটলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে সাংবাদিক আরিফুল ইসলাম নেহাল বলেন, ‘সংবাদটির সব তথ্যপ্রমাণ আমার কাছে আছে। ওই ঘটনায় ছাত্রলীগ নেতা হামজার আচরণ অগ্রহণযোগ্য।’ ছাত্রলীগ নেতা হামজা বলেন, ‘আমার হাতে এখনও নোটিশ এসে পৌঁছায়নি।’
/এমএ/








