রাজশাহী নগরীতে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৫ আগস্ট) বিকালে নগরীর মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার শিশুকে সন্ধ্যায় নগরীর এক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মাহবুব হোসেন বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত মামুনুর রশীদ ওরফে শান্তকে (১৫) আটক করতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এসময় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের মাকে থানায় নিয়ে আসা হয়।’
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত শান্ত খাবার হোটেলের কর্মচারী। সে পরিবারের সঙ্গে মতিহার থানা এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে। তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।’
তিনি বলেন, ‘ঘটনার সময় শিশুটির চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে আসলে শান্ত পালিয়ে যায়। পরে ঘটনার শিকার শিশুকে হাসপাতালে নেওয়া হয়।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ কিংবা মামলা দায়ের হয়নি। তবে ঘটনা শুনেই অভিযুক্ত শান্তকে আটকের চেষ্টা চলছে। অন্যদিকে, ঘটনার শিকার শিশুটিরও ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।’
/এমএ/








