কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে আরও ৪৭৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদেরকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো রোহিঙ্গারা নাফ নদীর জলসীমানা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল এসএম আরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ ভোর রাত ও সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে জলসীমানা অতিক্রম করছিল ৪৭৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা তাদের প্রতিহত করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।’
উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ অনেক রোহিঙ্গা হতাহত হয়। এঘটনায় প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। এর আগেও গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের আরকান রাজ্যে একই ভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা।







