কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় নারী ও শিশুসহ ৩৫ জন বাংলাদেশিকে আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ফেরার সময় তাদের আটক করা হয়। পরে ফুলবাড়ী থানা থেকে পুলিশ এসে আটকদের জিজ্ঞাসাবাদ করে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অটোবাইকযোগে কয়েকজন সীমান্ত এলাকা থেকে বালারহাট বাজারের দিকে আসার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের অটোবাইকটি আটক করে নারী-শিশুসহ ৩৫ জনকে বালারহাট বাজার সংলগ্ন নূর ইসলাম নূরুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের উপস্থিতিতে রাতেই বিজিবি বালারহাট ক্যাম্প ও ফুলবাড়ী থানায় খবর দেন তারা। খবর পেয়ে ফুলবাড়ি থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ও বালারহাট ক্যাম্পের হাবিলদার ইয়াহিয়া উপস্থিত হয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন।
আটকরা জানান, তাদের পরিবারের অনেক সদস্যই ভারতের বিভিন্ন স্থানে কর্মরত আছেন। তাদের সঙ্গে ঈদ করতেই তারা বালারহাট সীমান্ত দিয়ে ভারতে যেতে চেয়েছিলেন। এ জন্য দালালের সঙ্গেও কথা হয় তার। রবিবার (২৭ আগস্ট) সীমান্তে আসার পর তারা দুই দিন দালালদের মাধ্যমে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সীমান্ত পার করে দেওয়ার জন্য দালালরা তাদের কাছ থেকে টাকাও নয়। কিন্তু পাচারের খবর প্রকাশ হয়ে যাওয়ায় তারা ভারতে যেতে পারেননি।
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। দালালদের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে যেতে চেয়েছিলেন। ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে পড়লে অমানবিক নির্যাতনের শিকার হতে হতো তাদের।’
নাওডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘কিছু নারী-শিশু ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় জড়ো হয়েছে— এমন খবরের ভিত্তিতে আমি স্থানীয়দের সতর্ক থাকতে বলি। তারাই কয়েকজনকে আটক করে আমাকে খবর দেয়। একজন জনপ্রতিনিধি হিসাবে যে দায়িত্ব-কর্তব্য আমি সেটি পালন করেছি।’
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ বলেন, ‘আটকরা সবাই ভারতে যাওয়ার জন্যই সীমান্তে এসেছে। তারা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যের জিম্মায় রয়েছে। তাদেরকে নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
আরও পড়ুন-
বন্যায় ৪ হাজার ৫শ’ কোটি টাকার ক্ষতি নওগাঁয়
লালমনিরহাটে জেএমবির সরওয়ার-তামিম গ্রুপের আইটি সম্পাদক গ্রেফতার








