রহস্যজনক মৃত্যুর পর প্রায় ছয় মাস পার হয়ে গেলেও আন্তর্জাতিক মডেল ও মেডিক্যাল ছাত্রী রাউধা আথিফের মৃত্যু রহস্য উদঘাটিত হয়নি। তবে মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আসমাউল হক। কিন্তু তবে কতদিনের মধ্যে এ মামলার চ‚ড়ান্ত অভিযোগপত্র প্রদান করা হবে তা বলতে পারেননি তিনি।
মামলার অগ্রগতি সর্ম্পকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআইডির পরিদর্শক আসমাউল হক জানান, ‘রাউধার মোবাইল ফোন পরীক্ষা করে জানা গেছে, মালদ্বীপের ছেলে শাহি গনির (লন্ডনে পড়াশোনা করে) সঙ্গে রাউধার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েন চলছিল তখন। মামলার তদন্তে শাহি গনির বিষয়টি আমাদের মাথায় রাখতে হচ্ছে। চূড়ান্ত অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার আগেই মৃত্যু রহস্য বের করতে পারবো বলে আশা করি।’
এদিকে সোমবার ( ২৫ সেপ্টেম্বর) রাউধা আথিফকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করার জন্য অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন-এর একটি টিম রাজশাহীতে এসেছিল। তারা রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রীনিবাসে রাউধার কক্ষের ভিডিও ধারণ করেছে। সেই সাথে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের বিভিন্ন স্থানের দৃশ্য ধারণের পাশাপাশি রাউধার বাবা মোহাম্মদ আথিফসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। চ্যানেল নাইনের ‘৬০ মিনিট’ নামের একটি অনুষ্ঠানের জন্য প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রডিউসার মিস লওরা স্পারস।
তিনি বলেন, ‘রাউধা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ছিলেন। বিনোদন জগতের লোকজন তার মৃত্যুর সর্বশেষ খবর জানতে চান। তাদের জন্যই এই প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। রাউধার মৃত্যুর বিষয়টি পরিষ্কার হওয়া দরকার।’
এ ব্যাপারে সিআইডির পরিদর্শক আসমাউল হক জানান, অস্ট্রেলিয়া থেকে সাংবাদিক এসেছিল। তারা রাউধাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করবেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রীনিবাস থেকে রাউধা আথিফের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মালদ্বীপের মেয়ে রাউধা বাংলাদেশে এসেছিলেন পড়তে। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন।







