কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার ঘটনায় গ্রেফতার জঙ্গি মিজানুর রহমান ওরফে বড় মিজানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ সেপ্টম্বর) দুপুরে কিশোরগঞ্জের ১ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচাক ইকবাল মাহমুদ এই রিমান্ড মঞ্জুর করেন।
মিজানুর রহমান চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাজারদীগা চাঁদপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার ওসি-তদন্ত মো.আরিফুর রহমান আসামি মিজানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসময় শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় আটক অন্য তিন আসামি তানিম, রাজীব গান্ধি ও আনোয়ার হোসেনকেও আদালতে হাজির করা হয়। পরে মিজানসহ চার আসামিকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই ইদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এর অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক জঙ্গি ও বাড়ির ভিতরে থাকা ঝরনা রাণী ভৌমিক নামে এক গৃহবধূসহ চারজন নিহত হয় এবং আট পুলিশসহ তিন পথচারী গুরুতর আহত হয়।
এ ঘটনায় তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের ৬টি ধারায় পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলে আটক এক আসামি শফীউল ইসলাম গত বছরের ৫ আগস্ট বন্দুক যুদ্ধে নিহত হয়। এছাড়া বর্তমানে ওই মামলার আসামি হিসেবে ঘটনাস্থল থেকে আটক জঙ্গি জাহিদুল হক ওরফে তানিম ও জঙ্গিদের আশ্রয়দাতা বাড়ির মালিক আনোয়ার হোসেনসহ সারা দেশে পরিচালিত ২৩টি জঙ্গি হামলার ঘটনায় আটক আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধি কিশোরগঞ্জ কারাগারে আটক রয়েছে।







