সুন্দরবনের দুবলার চরের আলার কোল এলাকা থেকে একটি ড্রোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদেশি নাগরিকদের বহনকারী ‘বাংলার বন’ নামের একটি ট্যুরিজম কোম্পানির লঞ্চ থেকে ড্রোনটি জব্দ করে বন বিভাগ। এ ঘটনায় লঞ্চে থাকা দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার ১২ নাগরিককে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নাগরিকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। আগামীকাল বুধবার তাদের বাগেরহাটে নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, ‘সুন্দরবনে ব্যবহার নিষিদ্ধ ওই ড্রোনটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’







