চুয়াডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ওহিদুল ইসলামকে (৪০) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কদমতলা রেল ক্রসিংয়ের কাছে আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২টি মামলার আসামি জেলার শীর্ষ সন্ত্রাসী মিন্টুকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, সোমবার রাতে শহরের কদমতলা রেল ক্রসিংয়ের কাছে অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পায়। এর ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির এস আই ওহিদুল ইসলামসহ ৮ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপরে হামলা করলে ওহিদুল ইসলাম আহত হয়। এরপর পুলিশের অন্য সদস্যরা তাদের ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী আসামি মিন্টুকে গুরুতর আহত অবস্থায় আটক করে। আহতদের প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আহসান হাবিব, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: হিলিতে গান পাউডারসহ আটক ১








