গাজীপুরে তিতাস গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৮টি ঘর এবং ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে সিটি করপোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, ‘স্থানীয় মোস্তফা কামালের মালিকানাধীন ভাড়া বাড়ি ও দোকানের সামনের রাস্তার পাশ দিয়ে তিতাস গ্যাসের সরবরাহ লাইন চলে গেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে ওই লাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। মঙ্গলবার ভোরে ওই গ্যাসে থেকে সৃষ্ট আগুন প্রথমে দোকানে ও পরে বসত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। আগুনে কনফেকশনারী, হোটেল, কসমেটিকস ও মুরগীর দোকানসহ ৭টি দোকান এবং ৮টি ঘরে থাকা টিভি, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,আগুনে ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
আরও পড়ুন: বিনাখরচে প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশে চাকরি








