চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি)বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সড়ক পথে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মো আলী শাহ এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৫টার দিকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে চমেক থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি অনেক ভালো মানুষ। আমরা চাই তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন।’
মোহাম্মদ ইউসুফকে ঢাকায় পাঠানোর সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চমেকে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান,চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, চমেক কলেজ অধ্যক্ষ ডা.সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর,পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন ভূঁইয়া,চট্টগ্রাম সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান,বিএমএ সভাপতি ডা.মুজিবুল হক খান,সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল,সাংগঠনিক সম্পাদক ডা. মুইজ্জুল আকবর চৌধুরীসহ চমেক ছাত্র সংসদের নেতারা।
উল্লেখ্য, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৭ জানুয়ারি) সকালে তিনি এই নির্দেশনা দেন। নির্দেশনার পরই ওইদিন সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী তার বাড়িতে গিয়ে মোহাম্মদ ইউসুফকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন এবং তাকে চমেকে ভর্তি করেন।








