মাগুরায় সহপাঠীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আশিকুর রহমান নামে এক দাখিল পরীক্ষার্থীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও পরে অশিকুরের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় সিন্দবাদ নামে এক যুবককে আটক করেছে।
সদরের জগদল রুপাটি আলিম মাদ্রাসা সুপার আলমগীর হোসেন জানান, বুধবার সকালে একটি ইজিবাইকে করে তার মাদ্রাসার চার ছাত্র ও চার ছাত্রী মাগুরার সিদ্দিকীয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিতে যচ্ছিল। পথে শিমুলিয়া এলাকায় কয়েকজন বখাটে অপর একটি ইজিবাইকে করে তাদের পিছু নেয়। বখাটেরা ইজিবাইকে থাকা শিক্ষার্থীদের নানা অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় দাখিল পরীক্ষার্থী আশিকুর ও তার সহপাঠিরা এর প্রতিবাদ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাদের মাগুরা শহরে পৌঁছালে দেখে নেওয়ার হুমকি দেয়। শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইকটি মাগুরা শহরের ভায়না পৌঁছালে বখাটেরা দাখিল পরীক্ষার্থী আশিকুরকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাদের বহনকারী ইজিবাইকের চালক মিরাজুল ইসলাম ঠেকাতে গেলে বখাটেরা তাকেও কুপিয়ে জখম করে।
অহত দু’জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অশিকুরকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পরিচালক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান, আশিকুরের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিক্যালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, পুলিশ অভিযুক্তদের মধ্যে শহরের ভায়না এলাকার সিন্দবাদ নামে এক যুবককে আটক করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: বগুড়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন








