বিএসটিআই নির্ধারিত মাপের চেয়ে ছোট মাপে ইট তৈরি ও তা বিক্রির দায়ে কুষ্টিয়ায় তিন ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয় তাদেরকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক ইবি থানার বড় বটতলা বৈদ্যনাথপুরে মনিরুল ইসলামের মালিকানাধীন এমআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা, সদর উপজেলার ঝাউদিয়ার ডাবলু ব্রিকসকে ৫০ হাজার টাকা ও আলামপুরের ডায়মন্ডস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ইট তৈরিতে বিএসটিআই থেকে সরকারিভাবে মাপ নির্ধারিত রয়েছে। বিএসটিআই নির্ধারিত মাপ হচ্ছে দৈর্ঘ্য ২৪ সে. মি., প্রস্থ ১১.৫ সে. মি. ও উচ্চতা বা গভীরতা ৭ সে. মি.। কিন্তু ভাটাগুলোতে নির্ধারিত মাপ পাওয়া যায়নি। এসব ভাটা মালিকরা দীর্ঘদিন ধরে বিএসটিআই থেকে নির্দেশিত মাপের চেয়ে ছোট আকারে ইট তৈরি ও বিক্রি করে আসছেন।
অভিযোনে পরিবেশ অধিদফতরের কুষ্টিয়ার ফিল্ড ইন্সপেক্টর, মৎস্য অধিদফতরের প্রতিনিধি, কুষ্টিয়া চেম্বার অব কমার্সেরে সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।








